রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ জানুয়ারি ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ৩০


usa-snowflow

ছবি: সংগৃহীত

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢেকে গেছে। চরম দুর্যোগের কারণে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি গ্রাহক।

এ পর্যন্ত তুষারঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শীতের এ তীব্রতা উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব এলাকায় কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ সরাসরি তুষারঝড়ের প্রভাবের মধ্যে পড়েছেন।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল।

তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে একদিনেই ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানিয়েছে, পরবর্তী সময়ে এ সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিলেন ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, তুষারঝড়ের বলয় ধীরে ধীরে উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে গেলেও আর্কটিক অঞ্চল থেকে নতুন করে শীতল বাতাস প্রবেশের আশঙ্কা রয়েছে। এতে উত্তর–পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।