শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের হ্যাটট্রিক


Filmবিশ্ব চলচ্চিত্রে এশীয় সিনেমার জয়জয়কার এখন আর কেবল গুটিকয়েক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৫ সালের এশিয়ার সেরা ২০ সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ‘এশিয়ান মুভি পালস’। আর এই সম্মানজনক তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। 

তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসানের আলোচিত সিনেমা ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে জায়গা পেয়েছে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে রয়েছে নুহাশ হুমায়ূনের ‘২ষ’। 

২০০৯ সাল থেকে এশীয় সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করছে ‘এশিয়ান মুভি পালস’। চলচ্চিত্র সমালোচনা, ফেস্টিভ্যাল কাভারেজ এবং নির্মাতাদের সাক্ষাৎকারের মাধ্যমে তারা এশীয় সিনেমার প্রচার চালায়। ২০১৯ সাল থেকে তারা প্রতিবছর এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। 

web film 2

এবারের প্রতিবেদনে বলা হয়েছে, সমকালীন এশীয় সিনেমা দিন দিন আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাচ্ছে। বিশেষ করে তথাকথিত ‘পিছিয়ে থাকা’ দেশগুলো ইতিহাস, স্মৃতি ও রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে শৈল্পিক নির্মাণে চমক দেখাচ্ছে।

তালিকায় বাংলাদেশের সিনেমা সম্পর্কে অত্যন্ত ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এশিয়ার চলচ্চিত্র মানচিত্রে বাংলাদেশের সিনেমার উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। এ দেশের নির্মাতারা নানা ঘরানা ও ফরম্যাটে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছেন, তাতে বিশ্ববাজারে তারা নিজস্ব একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন।

তালিকায় ৫ নম্বরে থাকা বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে’ সম্পর্কে বলা হয়েছে, এটি একটি ছোট পরিসরের ‘আর্ট হাউস রত্ন’। এর ধীর ও আরামদায়ক গতি দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। ভিক্টোরিয়া চাকমা অভিনীত ‘এমা’ চরিত্রটিকে ঘিরে আবর্তিত এই গল্পে দেখা যায়, বিড়ালের লিটার বক্সের জন্য শহরজুড়ে স্কুটারে করে বালু সংগ্রহ করেন তিনি। এই বালু সংগ্রহ করতে গিয়েই একদিন তিনি একটি বিচ্ছিন্ন আঙুল খুঁজে পান, যা গল্পের রহস্য ও গভীরতা বাড়িয়ে দেয়। সিনেমাটি গত বছর কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড জুরি পুরস্কার’ জয় করে এবং বর্তমানে গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসিত হচ্ছে।

web filmঅন্যদিকে ১৭ নম্বরে থাকা ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ সিনেমাটিকে একটি ‘গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল’ হিসেবে বর্ণনা করেছে এশিয়ান মুভি পালস। পরিচালক সৌমিত্র দস্তিদার এই ছবিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তরুণ প্রজন্মের লড়াইকে অত্যন্ত সাহসের সঙ্গে পর্দায় তুলে এনেছেন। যারা ইতিহাস পুনরুদ্ধারে কথা বলতে চেয়েছেন, এই সিনেমাটি তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে।

তালিকায় ১৯ নম্বরে রয়েছে নুহাশ হুমায়ূনের অ্যানথোলজি সিরিজ ‘২ষ’। এর আগে ‘ষ’ দিয়ে আলোচনায় আসা নুহাশ ২০২৪ সালে চরকি অরিজিনাল সিরিজ হিসেবে এটি নির্মাণ করেন। যদিও এর কিছু দুর্বল দিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবুও মানুষের অভ্যন্তরীণ লালসা ও ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে উপস্থাপনের প্রচেষ্টাকে ‘প্রশংসনীয়’ বলা হয়েছে।

web filmএবারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, যা গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছিল। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইরাকের ‘ইরকালা: ড্রিমস অব গিলগামেশ’ এবং ইরানের ‘কাটিং থ্রো রকস’। চার নম্বরে রয়েছে সৌদি আরবের নারীবাদী রোড মুভি ‘হিজরা’। এরপরই পঞ্চম স্থানে নিজের অবস্থান করে নিয়েছে বাংলাদেশের ‘বালুর নগরীতে’।

আন্তর্জাতিক এই তালিকায় বাংলাদেশের তিনটি সিনেমার অবস্থান প্রমাণ করে যে, বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে বাংলা সিনেমা এখন নতুন উচ্চতায় আরোহণ করছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প