শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৮ জানুয়ারি ২০২৬, ১:২৫ অপরাহ্ন
শেয়ার

সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়: মিশা সওদাগর 


misha

ঢাকাই সিনেমার সময়টা এখন বদলেছে। বড় পর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দার তারকারা এখন সরব ব্র্যান্ড প্রমোশনে। শাকিব খান, অপু বিশ্বাস কিংবা শবনম বুবলী -সময়ের এই ট্রেন্ডে তাল মিলিয়ে এবার যুক্ত হলেন খল-অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তবে আট শতাধিক সিনেমার এই অভিনেতা জানিয়েছেন, সব ধরনের ব্র্যান্ড ওপেনিংয়ে তিনি যান না।

গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে অংশ নেন মিশা সওদাগর। সেখানে তিনি জানান, এটিই তাঁর প্রথম কোনো সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধন। মিশা বলেন, “অনেক বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও আমি সবখানে যাই না। প্রতিষ্ঠানের সততা আর বিশ্বাসযোগ্যতা আমার কাছে সবার আগে।” সততার প্রশ্নে আপস না করার কারণেই এই ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছেন বলে জানান তিনি।

ব্র্যান্ড উদ্বোধনের এই অনুষ্ঠানে অবধারিতভাবেই উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বিসিবি’র ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা। তিনি মনে করেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

মিশা সওদাগর বলেন, “সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে দিনশেষে আমাদের শিল্পই ক্ষতিগ্রস্ত হয়। যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে খেলবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।” 

বর্তমানে অভিনয়ের পাশাপাশি শিল্পী সমিতির নেতৃত্ব সামলাচ্ছেন মিশা। তবে ব্র্যান্ড প্রমোশনের এই নতুন অধ্যায়ে পদার্পণকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন। ভক্তদের ধারণা, সিনেমার পর্দার মতো বাস্তব জীবনেও মিশার এই দৃঢ় অবস্থান অন্য শিল্পীদের জন্য উদাহরণ হয়ে থাকবে।