একসময় ঢাকার ধারাবাহিক নাটকের যে সোনালি অতীত ছিল, তা যেন আবারও ফিরে আসছে। বিদেশি সিরিয়ালের দাপট কাটিয়ে দর্শক এখন আবারও দেশের নাটকে বুঁদ হচ্ছেন আর এই পরিবর্তনের নেপথ্যে বড় কারিগর হিসেবে কাজ করছে মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক বন্ধন, ভালোবাসা আর যাপিত জীবনের বাস্তবধর্মী গল্পের কারণে নাটকটি এখন সাধারণ মানুষের ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
এই নাটকটি এবার এমন এক মাইলফলক স্পর্শ করেছে যা বাংলাদেশের নাটকের ইতিহাসে বিরল। নির্মাতা মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে, ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নাটকটির ২৪টি পর্ব এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬০ কোটি বার! শুধু তাই নয়, এই ধারাবাহিকের প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটিরও বেশি ভিউ পাওয়ার অনন্য রেকর্ড গড়েছে, যা দেশের নাট্যাঙ্গনে এর আগে কখনও দেখা যায়নি। ২৫ পর্ব রিলিজের ২২ ঘন্টায় ইতিমধ্যে ৭ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত সিরিয়ালটি ইউটিউব থেকে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, আফ্রিকা থেকেও প্রতিনিয়ত উপভোগ করছে দর্শক।
দর্শক এই নাটকের চরিত্রগুলোর মাঝে নিজেদের খুঁজে পাচ্ছেন বলেই প্রতিটি পর্ব মুক্তির সাথে সাথে তা লুফে নিচ্ছেন। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন একঝাঁক তারকা, যাদের মধ্যে রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার এবং মনিরা মিঠুর মতো গুণী শিল্পীরা।
‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’
চ্যানেল আইয়ের পর্দায় প্রতি মঙ্গল ও বুধবার এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বুধ ও বৃহস্পতিবার নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। নির্মাতার মতে, দর্শকদের এই অসামান্য ভালোবাসাই বাংলা নাটকের নতুন এক দিগন্ত উন্মোচন করল।










































