শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৯ জানুয়ারি ২০২৬, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

বিরতি ভেঙে পরিচালনায় আবুল হায়াত, আসছে ‘সখিনা’


Abul Hayat

দীর্ঘ এক বছর পর আবারও ক্যামেরার পেছনে দাঁড়ালেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় গল্প অবলম্বনে তিনি নির্মাণ করছেন বিশেষ নাটক ‘সখিনা’। গত মঙ্গলবার থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি মনোরম রিসোর্টে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ।

নাটকটির চিত্রনাট্যও তৈরি করেছেন আবুল হায়াত নিজেই। দীর্ঘদিন পর নির্মাণে ফেরা প্রসঙ্গে শুটিং স্পট থেকে তিনি জানান, রাবেয়া খাতুনের অসংখ্য চমৎকার গল্পের ভিড়ে ‘সখিনা’ গল্পটি তাঁকে দারুণভাবে স্পর্শ করেছে। গ্রামীণ পটভূমি এবং অল্প বাজেটে মানসম্মত কাজ করার সুযোগ থাকায় গল্পটি তিনি বেছে নিয়েছেন।

গ্রামীণ আবহে নির্মিত এই নাটকের নামভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ। কিংবদন্তি আবুল হায়াতের নির্দেশনায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত মৌসুমী একে নিজের জন্য ‘বড় সৌভাগ্য’ বলে অভিহিত করেছেন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত জানান, আগের মতো এখন আর খুব একটা টানা কাজ করেন না তিনি। পরিবার ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় রেখে কেবল মনের মতো গল্প ও চরিত্র পেলেই কাজ করছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলে নিজেকে বড় ‘অসহায়’ মনে হয় তাঁর।

আগামী পবিত্র ঈদুল ফিতরে প্রচারের জন্য নির্মিত এই নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান।