শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৩১ জানুয়ারি ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শেয়ার

বিশ্বরেকর্ড গড়ল ‘ধুরন্ধর’ সিনেমার গান, গিনেস বুকে র‍্যাপার ফ্লিপারাচি


Dhorondarরণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছে। তবে এই বাণিজ্যিক সাফল্যের সমান্তরালে ছবির একটি বিশেষ গান এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমার পর্দায় অক্ষয় খান্নার বালোচিস্তান এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত ‘FA9LA’ র‍্যাপ গানটি এবার জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে বাহারিনের জনপ্রিয় র‍্যাপার হুসাম অসীম, যিনি ‘ফ্লিপারাচি’ নামেই বেশি পরিচিত, পৌঁছে গেলেন সাফল্যের শিখরে।

গিনেস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘FA9LA’ গানটি একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়ে ‘আরবিয়া চার্ট’-এর শীর্ষে উঠে আসায় এই বিশ্বরেকর্ডটি অর্জিত হয়েছে। আরবি ভাষার সঙ্গে আধুনিক র‍্যাপের অনবদ্য সংমিশ্রণে তৈরি এই গানটি গত কয়েক মাস ধরে উপমহাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের মুখে মুখে ফিরছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অক্ষয় খান্নার দুর্দান্ত উপস্থিতি ও নাচের ছন্দের সঙ্গে গানটি এক অন্যমাত্রা যোগ করেছিল, যা এখন বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল।

বিরল এই সম্মানে উচ্ছ্বসিত শিল্পী ফ্লিপারাচি সামাজিক মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করে বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! এটি অবিশ্বাস্য। হিন্দি ভাষার একটি ছবিতে আরবি গানটি যে এভাবে মানুষের মনে জায়গা করে নেবে, তা আমার কল্পনার বাইরে ছিল। মাত্র একটি গানের মাধ্যমে চারটি চার্টের শীর্ষস্থানে পৌঁছানো আমার ক্যারিয়ারের অন্যতম বড় গর্বের বিষয়।” একটি ফটোশুটের মাঝেই এই খুশির খবর পান তিনি এবং তাৎক্ষণিকভাবে তা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বিগত কয়েক মাসে ‘FA9LA’ যেন এক সংগীত বিস্ফোরণে পরিণত হয়েছে। বিশ্বরেকর্ডের এই মুকুটে এখন বইছে আনন্দের জোয়ার পুরো ‘ধুরন্ধর’ টিমে। বড় পর্দার মারকাটারি অ্যাকশন আর দুর্দান্ত গল্পের পাশাপাশি এই আন্তর্জাতিক স্বীকৃতি ছবিটির সাফল্যে নতুন এক মাইলফলক যোগ করল।

বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল