শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
শেয়ার

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০


ju

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ সাতজন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক মিলিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে রয়েছেন— আমার দেশ-এর লিমন ইসলাম, ডেইলি স্টার-এর রাকিবুল ইসলাম, দেশ রূপান্তর-এর ফাতেমা আলী, আজকের পত্রিকা-র সোহান ফরাজী, দিনকাল-এর শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলা-র তৌসিন, নাইম, রাকিব ও মাজহার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, খেলা শেষ হওয়ার পর একটি বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে শিক্ষকদের ওপরও হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন। শিক্ষার্থী ও সাংবাদিকসহ মোট আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি।

অন্য একটি সূত্র দাবি করেছে, হামলার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য জড়িত থাকতে পারে। পূর্বের বিরোধের জেরে তারা কয়েকজনকে লক্ষ্য করে মারধর করেছে বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইসলামিক স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ অংশ নেয়। নির্ধারিত সময় শেষে ট্রাইবেকার চলাকালে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়, এতে পুরো মাঠে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।