শনিবার । মার্চ ২১, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

প্রখ্যাত সুরকার শাহ নেওয়াজ আর নেই


shah-neuaj

ছবি: সংগৃহীত

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৩৩ মিনিটে কানাডার মন্ট্রিয়ালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বিষয়টি তাঁর ছেলে স্বদেশ নেওয়াজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শাহ নেওয়াজ। গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অবস্থায় তাঁকে মন্ট্রিয়ালের রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় একাধিকবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশের আধুনিক বাংলা গানের ইতিহাসে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শাহ নেওয়াজ। প্রচারের আলো এড়িয়ে চললেও তাঁর সুরে জন্ম নেওয়া অসংখ্য গান শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। সংযমী, গভীর ও আবেগঘন সুর ছিল তাঁর সৃষ্টির প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ টেলিভিশনের নাটকের জন্য তাঁর সুরে সৃষ্টি হয়েছে বহু স্মরণীয় গান। এর মধ্যে ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে / তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গানটির কথা লিখেছিলেন জহির রায়হান ও নূরুজ্জামান শেখ, আর রফিকুল আলমের কণ্ঠে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

এ ছাড়া নজরুল ইসলাম বাবুর কথায় রচিত ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল / রেললাইন বহে সমান্তরাল’ গানটির সুরকারও ছিলেন তিনি। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘একদিন যখন’-এ গানটি ব্যবহৃত হয় এবং দিলরুবা খানের কণ্ঠে এটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।

শাহ নেওয়াজের সুরে গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান শিল্পী। বাংলাদেশের বাইরেও ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লার মতো শিল্পীদের কণ্ঠে তাঁর সুর স্থান পেয়েছে।

মৃত্যুকালে শাহ নেওয়াজ রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁকে কানাডার মন্ট্রিয়লেই সমাহিত করা হবে। নিভৃতচারী এই সুরকারের প্রয়াণে বাংলা সংগীতাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।