
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা বদলে যাবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করে তারা বড় বড় কথা বলে। আমরা কথা দিচ্ছি, এক ইঞ্চির মাটির ওপর চাঁদাবাজির হাত কেউ বাড়াতে পারবে না। দুর্নীতির সকল রুট বন্ধ করে দেওয়া হবে। কোনো অফিস আদালতে কারো ঘুষ নেওয়ার সাহস ও সুযোগ হবে না। আমরা দায়িত্ব পেলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে।
তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাসের সেবা এখনও সব এলাকায় পৌঁছায়নি। নদী ধ্বংস ও মদ-গাঁজার সমস্যা সৃষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দায়িত্বে গেলে এসব বন্ধ করা হবে। নদী খননের পাশাপাশি নদীবান্ধব পরিকল্পনা বাস্তবায়ন হবে।
দেশের টাকা লুটকারীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, তাদের মুখের ভেতর হাত ঢুকিয়ে টাকা উদ্ধার করা হবে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকেও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। নামের জন্য নয়, কাজের মাধ্যমে বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
তিনি কৃষক, জেলে ও চা শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। কৃষকদের সরঞ্জাম প্রদান ও বাজার নিশ্চিত করা হবে, জেলেদের হাতে জাল দেওয়া হবে, চা বাগানের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে। নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গ তুলে বলেন, তার এক্স একাউন্ট হ্যাক করা হয়েছিল এবং মা-বোনদের নিয়ে অপমর্যাদাজনক পোস্ট দেওয়া হয়েছিল। তিনি বলেন, চুরি ধরা পড়েছে, তিনি মাফ করেছেন এবং এ নিয়ে আর কথা বলবেন না।
সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। শেষপর্যায়ে শফিকুর রহমান সিলেটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।









































