শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
শেয়ার

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর


milon

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এলো স্বস্তির খবর। সরকারি চাকরিজীবীদের মতো তাদেরও মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। তবে এবার সেই ভাতাকে শতভাগ করার বিষয়ে সরকার কাজ করছে এবং এটি বর্তমান সরকারের আমলেই বাস্তবায়নের চেষ্টা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিজীবীরা যেখানে শতভাগ উৎসব ভাতা পান, সেখানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও সমতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। আমরা এটি বাস্তবায়নে কাজ করছি।”

এছাড়া নির্বাচনের আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত চালুর আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব বদলি কার্যক্রম কার্যকর করা হবে। সিস্টেমে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বেতন বিলম্বের বিষয়েও তিনি বলেন, কোনো মাসে বেতন প্রদানে দেরি হলে তা পর্যবেক্ষণ করে দ্রুত সমাধান করা হবে। বিশেষ কারণে বিলম্ব হলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।