
২০২৫ সালে ৩২ দল অংশগ্রহন করে
জাতীয় দলগুলোর বিশ্বকাপের মতো এবার ক্লাব বিশ্বকাপকেও ৪৮ দলে উন্নীত করার পরিকল্পনা করছে ফিফা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপের সাফল্যে উৎসাহিত হয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টের পরিধি আরও ৫০ শতাংশ বাড়ানোর কথা ভাবছে। সম্প্রতি ব্রাসেলসে উয়েফার সাধারণ সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই প্রস্তাব উত্থাপন করেন।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ স্পেন ও মরক্কোতে আয়োজন করা হতে পারে, যা হবে পরবর্তী বছরের মূল বিশ্বকাপের জন্য একটি মহড়া বা ‘টেস্ট রান’। তবে প্রয়োজনে টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি আয়োজনের বিকল্পও খোলা রাখা হয়েছে।
ফিফার এই উচ্চাভিলাষী পরিকল্পনায় বাগড়া দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টি নিয়ে তারা মোটেও ইতিবাচক নয়। উয়েফার আপত্তির মূল কারণ হলো ফুটবলারদের ঠাসা সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপ। এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সংখ্যা বাড়িয়েছে, যার ফলে ক্লাব কোচ ও ফুটবলারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকেই মৌসুম শেষে এমন বড় টুর্নামেন্টের ধকল নিয়ে সমালোচনা করেছেন। উয়েফা মনে করছে, দল বাড়লে সূচির জটিলতা ও খেলোয়াড়দের শারীরিক চাপ চরম পর্যায়ে পৌঁছাবে। যদিও সর্বশেষ আসরে ইউরোপের সর্বোচ্চ ১২টি দল খেলেছে এবং চেলসি চ্যাম্পিয়ন হয়েছে, তবুও ফুটবলের মান বজায় রাখতে সূচি নিয়ে আরও ভাবনার অবকাশ আছে বলে মনে করে উয়েফা।






































