
২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবল অধ্যায় শেষ করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে যাওয়ার পর থেকেই তাঁর জীবনযাত্রায় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এবার আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি জানান, সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা দুই দিন রোজা রেখেছিলেন রোনালদো।
সম্প্রতি থমানইয়াহ স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শারাহিলি বলেন, সৌদি প্রো লিগে রমজান মাসে খেলা আরব ফুটবলারদের জন্য তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য তা বেশ চ্যালেঞ্জিং। খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
শারাহিলির ভাষ্য অনুযায়ী, মুসলিম না হয়েও ব্যক্তিগত কৌতূহল থেকে রোনালদো দুই দিন রোজা রাখেন। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, রোজা রেখে একজন পেশাদার ফুটবলারের ব্যস্ত সূচি সামলানো সহজ নয়।
উল্লেখ্য, আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।







































