বুধবার । মার্চ ৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অবৈধ প্রবাসীকে দেশে ফেরত


Saudi Arab police arresting

ফাইল ছবি

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার ৮৯৩ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটিতে মোট ১৯ হাজার ১০১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ১৫৩ জনকে আবাসন আইন লঙ্ঘনের, ৪ হাজার ১০৩ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের এবং ২ হাজার ৮৪৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার ৫৮৫ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১ হাজার ৩৮৯ জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৬৬৩ জনকে আটক করা হয়। এই অনুপ্রবেশকারীদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ার, ৪৫ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময়ও ৩১ জনকে আটক করা হয়েছে।

অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থান দিয়ে সহায়তার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ৪৯১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান, যার মধ্যে ২০ হাজার ১৫৬ জন পুরুষ এবং ১ হাজার ৩৩৫ জন নারী।