
সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম কাজ করছে।
অনুসন্ধান চলাকালীন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। আদালত শুনানি শেষে দুদকের আবেদনটি মঞ্জুর করেন।
অধ্যাপক হারুন-অর-রশিদ ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যাপক মশিউর রহমান ২০২১ সালের মে মাসে উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট পদত্যাগ করেন। উপাচার্য হওয়ার আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।







































