
কবি মোহন রায়হান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য কবিতায় মনোনীত হলেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এদিন দুপুরে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে গত সোমবার বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কবিতায় মনোনীতদের তালিকায় মোহন রায়হানের নাম রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলো খতিয়ে দেখে পরে পুরস্কার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের অভিযোগ—সে বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, অভিযোগ যাচাই চলায় আপাতত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। যাচাই শেষে সিদ্ধান্ত জানানো হবে।
ফেসবুক পোস্টে মোহন রায়হান দাবি করেন, তিনি কখনো পুরস্কারের জন্য তদবির করেননি এবং পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবেই তাঁকে নির্বাচিত করেছিল। তিনি আরও বলেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তাঁর ‘তাহেরের স্বপ্ন’ কবিতার কারণে একটি মহল প্রধানমন্ত্রীর মাধ্যমে তাঁর পুরস্কার বাতিল করিয়েছে।
পুরস্কার ঘোষণার পর তা না দেওয়া কবির প্রতি অসম্মান কি না—এ প্রশ্নে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মনোনয়ন দেয় বাংলা একাডেমি; সরকার শুধু অভিযোগ যাচাই করছে। এটি সাময়িক সমস্যা, দু–এক দিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হতে পারে।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, মোহন রায়হানের কবিতা ও লেখালেখি ঘিরে ওঠা অভিযোগগুলো যাচাইয়ের স্বার্থেই সাময়িকভাবে তাঁর পুরস্কার স্থগিত রাখা হয়েছে। যাচাই শেষ হলে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি।







































