রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

চাঁদা আর চাঁদাবাজি এক বিষয় নয়: সড়ক পরিবহন মন্ত্রী


Robiul-Alam

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম

পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা ঠিক নয়—আগে দেওয়া বক্তব্যে অনড় থাকার কথা জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের সমঝোতার মাধ্যমে অর্থ সংগ্রহকে তিনি কখনোই চাঁদাবাজির সঙ্গে এক করে দেখেননি। এ বিষয়ে আগেও তিনি পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন বলে জানান।

মন্ত্রী বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি—চাঁদা আর চাঁদাবাজি এক বিষয় নয়। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক ও মালিকরা নিজেদের স্বার্থে সমঝোতার মাধ্যমে একটি নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ সংগ্রহ করে এবং তা নিজেদের কল্যাণে ব্যয় করে। এমন ক্ষেত্রে সেটিকে চাঁদাবাজি বলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি বলতে আমি বুঝি জোর করে, বাধ্য করে অর্থ আদায় করা—যেখানে কোনো বৈধ প্রক্রিয়া থাকে না এবং কোনো অবৈধ শক্তি এতে জড়িত থাকে। এ ধরনের কাজ আমাদের মন্ত্রণালয়ে কোনোভাবেই চলতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে আমরা চাঁদাবাজি রোধ করব—এটাই আমাদের অঙ্গীকার।’