শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

উদয়পুরে রাজকীয় বিয়ের পর প্রথম প্রকাশ্যে এলেন রাশমিকা–বিজয়


সংগৃহীত ছবি

উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পর স্বামী–স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে হাজির হলেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

বুধবার উদয়পুর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন নবদম্পতি। এ সময় তাঁদের একঝলক দেখতে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়–রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন দুজনেই।

রাশমিকার মুখে ছিল স্পষ্ট নববধূর আভা, আর বিজয়ের মুখজুড়ে ছিল শান্ত হাসি। সব মিলিয়ে যেন পর্দার জনপ্রিয় জুটির মতোই বাস্তব জীবনে শুরু হলো তাঁদের নতুন অধ্যায়।

স্বামী–স্ত্রী হিসেবে প্রথম প্রকাশ্যে আসার দিনে দুজনেই বেছে নেন পরিমিত ও মার্জিত পোশাক। বিজয় পরেছিলেন স্যাটিন সাদা কুর্তা–পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। অন্যদিকে লাল রঙের সোনালি কারুকাজ করা হাই–কলার অনারকলি স্যুটে নজর কাড়েন রাশমিকা। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারও নজর না লাগুক।’ আরেকজনের মন্তব্য, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছেই মনে হচ্ছে, বিজয়–রাশমিকার সুখ যেন পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

এর আগে বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন বিজয় দেবরাকোন্ডা। তিনি লেখেন,
‘একদিন ওকে খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল, ও পাশে থাকলে দিনটা আরও সুন্দর হতো। তখন বুঝলাম—ও-ই আমার ঘর, আমার শান্তি। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই বানালাম আমার স্ত্রী।’

পোস্টের শেষে তিনি যোগ করেন—২৬ ফেব্রুয়ারি ২০২৬, যা তাঁদের নতুন জীবনের শুরুর দিন।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এবার হায়দরাবাদে অনুষ্ঠিত হবে জমকালো রিসেপশন। তার আগেই স্বামী–স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন উচ্ছ্বাস ও আবেগ।

সূত্র: হিন্দুস্থান টাইমস