
অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পর এই তারকা জুটির বিয়ে সম্পন্ন হয়।
পরিবারের সদস্য ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল বেশ কয়েক দিন ধরেই। ভক্তদের দেওয়া ভালোবাসার ডাকনামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা নাম দিয়েছেন ‘বিরোশ’-এর বিয়ে।
বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে একই সঙ্গে তাদের বিয়ে ঘিরে তৈরি কিছু ভুয়া এআই ছবি ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।
রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের শুরু হলেও দীর্ঘদিন তারা নিজেদের প্রেমের বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি প্রকাশ্যেই সম্পর্কের কথা স্বীকার করেন এই জুটি।
এর আগে ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি পান বিজয় দেবরাকোন্ডা। অন্যদিকে রাশমিকা মান্দানা ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিমাল’–এর মতো সফল সিনেমার মাধ্যমে তেলেগু ও কন্নড় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

‘পরিচয় করিয়ে দিই, আমার স্বামী!’
বিয়ের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় বিজয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেছেন রাশমিকা। স্বামীকে নিয়ে তাঁর আবেগঘন বার্তা এখন নেটপাড়ায় ভাইরাল। রাশমিকা লিখেছেন, ‘হাই মাই লভস, পরিচয় করিয়ে দিই— আমার স্বামী মিস্টার বিজয় দেবরাকোন্ডা! যে মানুষটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আসলে কী, যে আমাকে শিখিয়েছে শান্তিতে থাকা কাকে বলে। বিজু, তোমাকে বর্ণনা করার ভাষা আমার কাছে কম পড়ে যায়। তোমার স্ত্রী হিসেবে পরিচিত হতে পেরে আমি গর্বিত। এখন শুধু জমিয়ে পার্টি করার সময়!’
বন্ধুই যখন জীবনসঙ্গিনী:
পিছিয়ে ছিলেন না বিজয়ও। জীবনের এই নতুন ইনিংস শুরু করে তিনি লিখেছেন, ‘একদিন ওকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল ও পাশে থাকলে দিনটা আরও ভালো হতো, খাবারটা আরও সুস্বাদু লাগত। তখনই বুঝলাম ওকে আমার সারাজীবনের জন্য প্রয়োজন। তাই আজ আমার প্রিয় বন্ধুকেই আমার স্ত্রী বানিয়ে নিলাম। ২৬.০২.২০২৬।’









































