বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মার্চ ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৩ জন নিহত


Iranian-Attack

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে ইরান। এতে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮ জন।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপানের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। অধিকাংশ আহতের আঘাত সামান্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার সময় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়।

এ ছাড়া এক বিবৃতিতে জানানো হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় কিছু ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়ে কয়েকটি বেসামরিক সম্পত্তিতে মাঝারি মাত্রার ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ এবং গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ