
ফাইল ছবি
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামের্দে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মডার্ন ডট এজেড। প্রতিবেদনে বলা হয়, ফার্স প্রদেশের বিভিন্ন স্থানে মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে লামের্দ শহরের একটি স্পোর্টস হল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সেখানে ভলিবল অনুশীলন চলছিল বলে জানা গেছে।
হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হামলার পেছনে কারা দায়ী—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলও এ হামলার দায় স্বীকার করেনি।
ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।





































