
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে ইরানের হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরাক ও কুয়েতেও নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।
এক যৌথ বিবৃতিতে উপসাগরীয় সাতটি দেশ ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্য করে চালানো এই অযৌক্তিক হামলা বেসামরিক জনগোষ্ঠীকে সরাসরি ঝুঁকির মুখে ফেলছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ক্ষতি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে পড়তে পারে বলেও সতর্ক করা হয়।
উপসাগরীয় দেশগুলো জানায়, নিজেদের নাগরিকদের নিরাপত্তা ও প্রতিরক্ষায় তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে প্রস্তুত।
পর্যবেক্ষকদের মতে, একের পর এক হামলার ঘটনায় অঞ্চলে বড় ধরনের সামরিক ও কূটনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।





































