
এফ-১৫ই যুদ্ধবিমান
মার্কিন একটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি)। তবে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি দাবি করেছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি মার্কির এফ-১৫ই যুদ্ধবিমান লক্ষ্য করে ধ্বংস করেছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে—এমন যে খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব এবং সত্য নয়।





































