
সামিয়া অথই ও তানজিন তিশা
ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথই। বুধবার সন্ধ্যায় সংগঠনটির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।
সামিয়া অথই জানান, সম্প্রতি মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালে তাকে চড় মারেন তানজিন তিশা। তার দাবি, চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে তিশাকে নয়, বরং তাকেই তিশাকে চড় মারার কথা ছিল। কিন্তু দৃশ্য ধারণের সময় তিশা তাকে একাধিকবার চড় মারেন, যা স্ক্রিপ্টে ছিল না। এতে তার গাল ও চোখ ফুলে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, চরিত্রের প্রয়োজনে এবং চিত্রনাট্য অনুযায়ীই তিনি অভিনয় করেছেন, এর বাইরে কিছু করেননি।
এ বিষয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বিষয়টি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার রাতে নাটকের নির্মাতা ও টিমের সদস্যদের নিয়ে ফেসবুক লাইভে এসে তানজিন তিশা দাবি করেন, পুরো ঘটনার জন্য সামিয়া অথই নিজেই দায়ী।





































