রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মার্চ ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার

এপস্টিন নথি: ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বিচার বিভাগ প্রকাশ করেছে জেফরি এপস্টিন-সংক্রান্ত তদন্তের নতুন কিছু এফবিআই নথি। এসব নথিতে এক অজ্ঞাত নারীর অভিযোগ উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিশোর বয়সে তাকে যৌন সম্পর্কের জন্য বাধ্য করার চেষ্টা করেছিলেন।

নথি অনুযায়ী, ২০১৯ সালে এফবিআই ওই নারীর সঙ্গে চারবার সাক্ষাৎকার নেয়। তিনি দাবি করেন, ১৯৮০-এর দশকে নিউইয়র্ক বা নিউজার্সিতে এপস্টিন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তার বয়স ছিল প্রায় ১৩ থেকে ১৫ বছর। পরে ট্রাম্প তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে হোয়াইট হাউস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এ অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। একই সঙ্গে বিচার বিভাগও সতর্ক করে বলেছে, প্রকাশিত নথির কিছু অংশে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা বা উসকানিমূলক দাবি থাকতে পারে।

রয়টার্স জানায়, তারা স্বাধীনভাবে ওই নারীর অভিযোগ যাচাই করতে পারেনি। ২০১৯ সালের পর এফবিআই তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়।

এদিকে বিচার বিভাগ জানিয়েছে, প্রকাশিত নথিগুলো আগে ‘প্রতিলিপি’ হিসেবে ভুলভাবে চিহ্নিত হওয়ায় প্রকাশ করা হয়নি। অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন এপস্টিন–সংক্রান্ত কিছু নথি গোপন রাখছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে প্রতিনিধি পরিষদের একটি কমিটি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সমন পাঠিয়েছে।