সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিএমপির সাবেক ডিসি কোহিনূর


kohinoor

মো. কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছরের নির্বাসন ও আইনি লড়াই শেষে অবশেষে চাকরিতে পুনর্বহাল হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়া। তার চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল করেছে সরকার।

একই সঙ্গে বরখাস্ত থাকার সময়কালকে চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিধি অনুযায়ী তিনি বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি বিভাগীয় মামলার আপিল পর্যালোচনার পর তার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই অভিযোগের বিষয়ে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর তিনি বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন।

আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা কোহিনূর মিয়াকে বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

এর আগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণের আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত থাকার পুরো সময়কাল তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোহিনূর মিয়া তৎকালীন সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন। একপর্যায়ে সরকারের চাপ ও ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

বিসিএস ১২তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। তবে তার স্কুলজীবন কেটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়। সেখানেই তিনি মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করেন।