
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরাকের আকাশসীমা ও ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে সামরিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আল-সুদানি জোর দিয়ে বলেন—ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা পুরো অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না করা হয়।
তিনি আরও বলেন, চলমান আঞ্চলিক সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা দেশটি প্রত্যাখ্যান করে। পাশাপাশি যেকোনো পক্ষের মাধ্যমে ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।
যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে ওঠে বলে জানা গেছে।
সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এই যুদ্ধের প্রভাবের মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর অভিযোগ রয়েছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার দাবি করেছে।







































