মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
শেয়ার

মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান


lebanon

মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান || ছবি: সংগৃহীত

বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে তারা।

মঙ্গলবার প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, যদি নিরাপদ মনে করেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ এলাকা ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

এদিকে, ইসরায়েল আবার দক্ষিণ লেবাননের মানুষদের জরুরি-ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরায়েল “কঠোর” ব্যবস্থা নিচ্ছে।

তিনি এক্স-এ লিখেছেন, আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি-আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান।

সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে; এটি হেজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত এই মাসের শুরুর দিকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ৪৮৬ জন নিহত হয়েছে।