
ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ আজ মাঠে নামছে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে মেহেদী হাসান মিরাজের দল।
দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স লাল-সবুজ প্রতিনিধিদের দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে তরুণ পেসার নাহিদ রানার বোলিং তোপে বিধ্বস্ত হয় পাকিস্তান। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। ফলে মাত্র ১১৪ রানেই অলআউট হয় সফরকারীরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ৪২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি শুধু সিরিজ জয়ের নয়, বরং র্যাংকিংয়ে উন্নতিরও বড় সুযোগ। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ আজ জিতলে ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে আসবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লক্ষ্য পূরণে এই র্যাংকিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “বিশ্বকাপে জায়গা পেতে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই কঠোর পরিশ্রম করেছে এবং আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।”
অন্যদিকে, তরুণনির্ভর পাকিস্তান দল প্রথম ম্যাচে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজে টিকে থাকতে আজ মরিয়া হয়ে লড়বে শাহিন শাহ আফ্রিদির দল। ঘুরে দাঁড়াতে পাকিস্তান একাদশে আজ হ্যারিস রউফ কিংবা উইকেটরক্ষক ব্যাটার ঘাজি ঘৌরির অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। বিপরীতে, উইনিং কম্বিনেশন ধরে রাখতে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
সবশেষ ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ জিতলে দীর্ঘ ১১ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। মিরপুরের চেনা উইকেটে আজ সেই উৎসবের অপেক্ষায় লাল-সবুজ সমর্থকরা।








































