
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৯ টাকা কমানো হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা, যা আগে ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৫৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল।
দাম কমানোর পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছে সংগঠনটি। বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল






































