শনিবার । মার্চ ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

কাতার থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি


shahjalal-airport

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাঁদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ট্রানজিটে থাকা যাত্রী এবং দূতাবাসের কর্মীরাও রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট চলাচল বাতিল হওয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি কাতারে আটকা পড়েছিলেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ সমন্বয় করে এই ফ্লাইটের ব্যবস্থা করে।

এর আগে গত ১১ মার্চ এক জরুরি বার্তায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশেষ এই ফ্লাইটে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া আটকে পড়া যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করা হয়েছে। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত ওই ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার অনুরোধও জানানো হয়।