শনিবার । মার্চ ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩


Lebanon

ফাইল ছবি

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ১২ দিনে অন্তত ১ হাজার ৯৩৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়, ২ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা ধারাবাহিক হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। নিহত ৭৭৩ জনের মধ্যে যেমন নারী ও বৃদ্ধ রয়েছেন, তেমনি আহতের তালিকায় অন্তত ১০৩ জন শিশু রয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় হতাহতের দ্রুত বাড়ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে চলমান এই ভয়াবহ হামলার মধ্যেই ইসরায়েলি পক্ষ থেকে নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েল বলেছে, লেবাননকে তাদের অবকাঠামোগত ক্ষতির কারণে ‘ক্রমবর্ধমান মূল্য’ দিতে হবে। এই হুমকির পর দেশজুড়ে নতুন করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে জনবহুল এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণের ফলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।