
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ফাইল ছবি
লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে দেশটির ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে লেবানন সরকারকে চূড়ান্ত সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হিজবুল্লাহ যদি লেবানন থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালানো বন্ধ না করে, তবে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।’ তিনি আরও জানান, লেবানন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা হিজবুল্লাহর আক্রমণ রুখে দেয়। অন্যথায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার (১১ মার্চ) হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক পরিসরে রকেট ও ড্রোন হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কাৎজ এমন কঠোর মন্তব্য করেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী লেবাননের প্রেসিডেন্টকেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, লেবানন সরকার যদি নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তবে সেই এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া হবে।










































