
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানে হামলার মতো বড় লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে।
ট্রাম্প বলেন, ‘যুদ্ধটি খুব দ্রুত শেষ হবে। আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’ তিনি আরও দাবি করেন, ইরানে আঘাত করার মতো ‘প্রায় আর কিছুই অবশিষ্ট নেই’।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। সেই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে যুদ্ধের মেয়াদ নিয়ে ইসরায়েলের অবস্থান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাৎজ জানিয়েছেন, প্রয়োজন যতদিন থাকবে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এতে করে যুদ্ধের সমাপ্তি নিয়ে ভিন্নমুখী বার্তা সামনে আসছে—একদিকে ট্রাম্প দ্রুত সমাপ্তির ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে ইসরায়েল দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতির কথা বলছে।








































