রবিবার । মার্চ ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধের সমালোচনা করায় গণমাধ্যমকে হুমকি ট্রাম্প প্রশাসনের


Carr

মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেনডন কার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে, ‌‘ভুল তথ্য’ বা ‘বিকৃত সংবাদ’ প্রচার করলে সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে।

মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেনডন কার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সম্প্রচারমাধ্যমকে ‘জনস্বার্থে’ কাজ করতে হবে, না হলে লাইসেন্স হারানোর ঝুঁকি থাকবে। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ভুয়া খবর প্রচার করছে এবং লাইসেন্স নবায়নের আগে তাদের আচরণ পরিবর্তনের সুযোগ রয়েছে।

এ মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হাওয়াইয়ের একজন সিনেটর বলেন, এটি আসলে যুদ্ধ নিয়ে ইতিবাচক প্রতিবেদন দিতে চাপ সৃষ্টি করার একটি স্পষ্ট নির্দেশনা।

মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক সংগঠন ফাউন্ডেশন ফর ইনডিভিজুয়াল রাইটস এন্ড এক্সপ্রেশন–এর কর্মকর্তা অ্যারন টেরও এ মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধ নিয়ে তথ্য প্রকাশ বন্ধ করার অধিকার সরকারের নেই।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন যে কিছু সংবাদমাধ্যম ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ‘ভুল খবর’ ছড়াচ্ছে। তবে তিনি দাবি করেন, বিমানগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়নি এবং বেশিরভাগই আবার চালু হয়েছে।

জরিপে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরানবিরোধী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অনেক ভোটারের কাছেই জনপ্রিয় নয়; সাম্প্রতিক এক জরিপে ৫৩ শতাংশ ভোটার এই সামরিক অভিযানের বিরোধিতা করেছেন।

আল জাজিরা