
সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহারের চেক হস্তান্তর করা হয়
ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেছেন তিনি। রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থের চেক হস্তান্তর করা হয়।
সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই এই আর্থিক সহায়তা। তিনি বলেন, “আমাদের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করছেন, তাদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।”
এই সহায়তার ফলে পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারগুলোতে ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এছাড়া নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সরকার।





































