
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উত্তরার স্কয়ার গ্রুপের একটি ভবনের সামনে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা সামনের প্রধান সড়ক অবরোধ করে হট্টগোল শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ওই চালককে পিটিয়ে হত্যার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সহস্রাধিক চালক সেখানে জড়ো হন। উত্তেজিত জনতা ভবনটি ঘিরে ফেলে এবং ভেতরে ভাঙচুরের চেষ্টা চালায়। স্থানীয়দের অভিযোগ, নিহতের মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, “একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। এমনকি কেউ নিহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত নয়।”
তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশ ওই ভবনের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে, তবে সন্দেহজনক বা অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিশ্চিত হতে ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
সহিংসতা এড়াতে এবং ব্যবসায়িক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।








































