
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বিমান বন্দরটি থেকে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুবাইয়ের গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, ‘সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি দুবাই আন্তর্জাতিক বিমানন্দরে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।’
সম্প্রতি আঞ্চলিক অস্থিরতার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর জেরে উপসাগরীয় এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। এর ফলে দেশটিতে ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটলেও অধিকাংশ হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে গত বুধবার দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে চারজন আহত হয়েছেন। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়ার পর থেকে ইরান শুধু মার্কিন স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামো-যেমন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা-লক্ষ্যবস্তু করছে।






































