শুক্রবার । মার্চ ২০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধের জন্য আরও ২০০ বিলিয়ন ডলার চেয়েছে পেন্টাগন


Pentagon

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের এই অনুরোধের কথা নিশ্চিত করেছেন

ইরান যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার তহবিল চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। বিশাল এই অঙ্কটি অনুমোদনের জন্য কংগ্রেসের সম্মতি প্রয়োজন হবে, যা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পেন্টাগন এই অর্থের অনুরোধটি হোয়াইট হাউসে পাঠিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরাসরি এই অঙ্ক নিশ্চিত না করে বলেন, চূড়ান্ত পরিমাণ পরিবর্তিত হতে পারে।

হেগসেথ বলেন, খারাপ লোকদের মোকাবিলা করতে অর্থের প্রয়োজন। তিনি আরও জানান, যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে কংগ্রেসের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের এই অনুরোধের কথা নিশ্চিত করেছেন।

প্রস্তাবিত অর্থের পরিমাণ অত্যন্ত বড় এবং এটি গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় সংক্রান্ত বড় বিলের মাধ্যমে প্রতিরক্ষা দপ্তর যে অতিরিক্ত তহবিল পেয়েছিল, তারও অতিরিক্ত। ফলে নতুন করে এই অর্থ বরাদ্দ রাজনৈতিক সমর্থন পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কংগ্রেস নতুন ব্যয় প্রস্তাবের জন্য প্রস্তুত থাকলেও, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি বিবেচনার জন্য পাঠিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া, আইনপ্রণেতারা এখনো এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেননি এবং সামরিক অভিযানের পরিধি ও কৌশল নিয়ে তাদের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি দেখা যাচ্ছে।