
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১২টি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল থেকেই এসব এলাকার গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় বোয়ালমারী উপজেলার মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়। এর পরপরই সকাল সাড়ে ৮টায় মাইটকুমড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জামাত সম্পন্ন হয়। এছাড়া সকাল সাড়ে ৯টায় সহস্রাইল বাজারে এবং সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলার রাখালতলী বাজারেও ঈদের জামাত সফলভাবে শেষ হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের মাওলানা শামসুল আরেফিনের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদের নামাজ আদায় করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ তারা আনন্দঘন পরিবেশে ঈদ পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, এসব গ্রামের বাড়ি বাড়ি এখন ঈদের আমেজ বিরাজ করছে। পরিবারের সদস্যদের জন্য বিশেষ খাবার তৈরি করা হয়েছে এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন মুসল্লিরা।





































