
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
এক মাসের সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই বিশেষ শুভেচ্ছা জানান। রোনালদো লিখেছেন, সবাইকে ঈদ মোবারক! তিনি আরও বলেন, আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে তোমাদের দিনটি বিশেষভাবে কাটবে। সবার জন্য শান্তি ও সুখ কামনা করে বার্তাটি শেষ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর এই শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তার পোস্টে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
মধ্যপ্রাচ্যে খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়েছে বলে অনেকে মনে করছেন। এর আগেও বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে রোনালদোকে। কেবল মাঠের পারফরম্যান্সেই নয়, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন তাকে ক্রীড়াজগতের বাইরেও এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।








































