
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক বার্তায় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ অন্য ক্রিকেটাররা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত বুধবার বিকেলে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া চেয়ে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।” বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিখোঁজদের দ্রুত উদ্ধার কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”
অন্যদিকে, মুশফিকুর রহিম দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, “বাস দুর্ঘটনার ভিডিওটি দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুক ভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরাও এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।












































