সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ মার্চ ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল


visit ferry ghut

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনার পঞ্চম দিনে আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ মন্ত্রণালয় গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত দল। আজ সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ফেরিঘাট এলাকায় এসে দুর্ঘটনাকবলিত স্থান ও পন্টুন পর্যবেক্ষণ করেন।

তদন্ত দলের প্রধান ও নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা খুবই মর্মান্তিক। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যেই বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

তদন্ত দলটি আজ সকালে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি স্পিডবোটে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে পৌঁছায়। সেখানে তারা দুর্ঘটনার দিন ‘সৌহার্দ্য পরিবহন’-এর অবস্থানস্থল, নদীতে বাসটি তলিয়ে যাওয়ার স্থান, পন্টুনের স্থায়িত্ব এবং অ্যাপ্রোচ সড়ক ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এরপর টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি তারা খুঁটিয়ে দেখেন। এ সময় বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করলেও পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যোগ দিয়ে উদ্ধার অভিযান ত্বরান্বিত করে।

এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি মরদেহ শনাক্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে তদন্ত কমিটি জিরো পয়েন্টে গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।