
জাতিসংঘের একজন শান্তিরক্ষী
দক্ষিণ লেবাননের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল–এর একটি কন্টিনজেন্ট সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর আল–জাজিরা।
ইউএনআইএফআইএল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বিবৃতিতে জানায়, হতাহত শান্তিরক্ষীদের কোন দেশের নাগরিক তা এখনো প্রকাশ করা হয়নি। সংস্থাটি গভীর শোক প্রকাশ করে বলেছে, “শান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত কোনও সদস্যের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে আরও বলা হয়, ঘাঁটিতে ‘নিক্ষেপ করা বস্তুটির’ উৎস এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং প্রকৃত দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এর আগে লেবাননের সরকারি গণমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় জাতিসংঘের একটি শান্তিরক্ষী ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়। ওই হামলায় সেখানে অবস্থানকারী ইন্দোনেশিয়ান শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানানো হয়।









































