
৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুটা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। প্রথম কোয়ার্টারের চার মিনিটে গোল করে এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল। এরপর তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের গোলে ব্যবধান বাড়ে বাংলাদেশের।
ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোল বাংলাদেশকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেয়। তবে শেষ কোয়ার্টারে জোড়া গোল করে ব্যবধান কমায় চাইনিজ তাইপে। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।











































