শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
শেয়ার

৭ বছর পর নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন বিপাশা


bipasha-hayat

দীর্ঘ সাত বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী, নাট্যকার ও গুণী চিত্রশিল্পী বিপাশা হায়াত

দীর্ঘ সাত বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী, নাট্যকার ও গুণী চিত্রশিল্পী বিপাশা হায়াত। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করলেও শিল্পের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটেনি। তবে এবার সরাসরি দর্শকদের মুখোমুখি হচ্ছেন তিনি একটি বিশেষ পডকাস্টের মাধ্যমে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বিপাশা। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই পর্বটি। জে আই ফয়সাল প্রযোজিত এই আয়োজনের মাধ্যমেই দীর্ঘ সাত বছরের নীরবতা ভাঙছেন তিনি।

অনেকেই ভেবেছিলেন বিপাশা হায়াত হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু পডকাস্টে তিনি সাফ জানিয়ে দিলেন, “অভিনয় থেকে আমি অবসর নেইনি! তাঁর মতে, শিল্পীদের কোনো অবসর হয় না। তবে এখন তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যা হয়ে ওঠার জন্য কঠিন সাধনা বা ‘ঘাম ঝরানোর’ সুযোগ থাকবে। নিজেকে ভেঙে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ নিতে তিনি এখন পুরোপুরি প্রস্তুত।

ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মতো মূলধারার বাণিজ্যিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমায় অভিনয়ের ডাক এসেছিল তাঁর কাছে। কিন্তু ভিনদেশী সিনেমার সেই ‘পার্শ্ব’ চরিত্রটি তাঁকে টানেনি বলেই তখন সেই প্রস্তাব গ্রহণ করেননি এই গুণী শিল্পী।

অভিনয় ও চিত্রকলার বাইরে বিপাশা হায়াতের ভাবনার বড় অংশ জুড়ে আছে দেশের পথশিশুরা। তিনি জানান, সুযোগ পেলেই তিনি তাদের জন্য নিয়মিত কাজ করতে চান।

প্রশাসন বা সরকারের উচ্চপদস্থ কারো সঙ্গে দেখা হলেই তিনি বিনীতভাবে অনুরোধ জানান এই শিশুদের পাশে দাঁড়ানোর জন্য। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথা তুলে ধরেছেন তিনি।