বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ এপ্রিল ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
শেয়ার

হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত


Faysal-Karim

ফাইল ছবি

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বৈঠক শেষে ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতেই প্রতিবেশী দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

আলোচনায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা ইস্যু করার প্রক্রিয়া আরও সহজ করা হবে। অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ভারতের সংশ্লিষ্ট মন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লি পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করার কথা রয়েছে তাঁর।