
থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাওয়ার কথা ছিল ৯ জানুয়ারি ২০২৬। কিন্তু সেন্সর বোর্ডের সনদ না পাওয়ায় ছবিটি আটকে যায়। এর মধ্যেই নতুন বিতর্ক—সিনেমার কিছু অংশ নাকি অনলাইনে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে।
ইন্ডিয়া টুডে–র খবরে বলা হয়েছে, ছবিটির ইনট্রো দৃশ্য, টাইটেল কার্ড এবং “থালাপতি কাচ্চেরি” গানের কিছু অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ফুটেজগুলো এডিট টেবিল থেকেই বাইরে এসেছে।

এ ঘটনায় নির্মাতা বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বিজয়ভক্ত ও নেটিজেনদের অনেকে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেছেন—সিনেমার ক্লিপ আর না ছড়ানোর জন্য, যেন ছবির মান বজায় থাকে এবং আইনি জটিলতা না তৈরি হয়।
এই সিনেমাটিই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হতে পারে বলে আগেই জোর গুঞ্জন ছিল। এই অ্যাকশন-ড্রামাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ।
গল্পে দেখা যাবে—ভেত্রি কন্ডান নামের একজন সাবেক পুলিশ কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত আসামিকে, যিনি একটি ছোট মেয়েকে (বিজি) দত্তক নেন এবং তাকে শক্ত, আত্মনির্ভরশীল নারী হিসেবে গড়ে তোলার সংকল্প নেন। মেয়েটি সহিংসতাকে ভয় পেলেও তিনি তাকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেন।
এদিকে ভারতের ওপর নেমে আসে ভয়াবহ এক হুমকি, যা পুরো দেশকে বিপর্যস্ত করে দিতে পারে। এই সংকটের মাঝেই ভেত্রি কন্ডান ব্যক্তিগত প্রতিশোধের মুখোমুখি হন। বাধ্য হয়ে তিনি পুরো ঘটনার নেপথ্যে থাকা চক্রকে উন্মোচনে নামেন।
বিজয়ের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাজু, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ, প্রিয়মণি, সুনীলসহ আরও অনেকে।
সিনেমাটি মূলত পোঙ্গাল উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের সনদ না পাওয়ায় তা পিছিয়ে যায়। নতুন খবর অনুযায়ী- ছবিটি ২০২৬ সালের মে বা জুনে মুক্তি পেতে পারে, যদিও এখনো তারিখ ঘোষণা হয়নি।
সূত্র: পিঙ্কভিলা









































