রবিবার । এপ্রিল ১২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১২ এপ্রিল ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুতে অচলাবস্থা


Iran US talks

শনিবার রাতে আলোচনা কতক্ষণ চলবে, তা এখনো স্পষ্ট নয়

পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ষষ্ঠ ঘণ্টায় প্রবেশ করেছে। তবে আলোচনার অগ্রগতি নিয়ে তথ্যপ্রবাহ ধীর হয়ে এসেছে এবং এখন পর্যন্ত কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের দাবি ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’, যার কারণে আলোচনায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।

শনিবার রাতে আলোচনা কতক্ষণ চলবে, তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে রবিবারও আলোচনা অব্যাহত থাকবে কি না, কিংবা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে ফেরার সময়সূচি পিছিয়ে দেবেন কি না—সেটিও অনিশ্চিত।

যদিও তার ফিরে যাওয়ার কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছিল ভ্যান্স পাকিস্তানে ২৪ ঘণ্টারও কম সময় অবস্থান করবেন। তিনি শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ইসলামাবাদে পৌঁছান।

অন্যদিকে, মধ্যরাতের পর পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের দিনটিও ছিল ব্যস্ত। আলোচনার আগে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এদিকে আলোচনাস্থলের কাছেই অবস্থিত জিন্নাহ কনভেনশন সেন্টারের সামনে বহু সাংবাদিক কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ধরে কোনো অগ্রগতির খবর না আসায় তাদের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।