বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

লিভারপুলকে হারিয়ে শেষ চারে পিএসজি


psg

ছবি: সংগৃহীত

অ্যানফিল্ডে প্রত্যাবর্তনের গল্প লিখতে চেয়েছিল লিভারপুল, কিন্তু উসমান দেম্বেলের জোড়া গোলে সেই স্বপ্ন ধুলিসাৎ করে দিল পিএসজি। মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে অলরেডদের ২-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট নিশ্চিত করল লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে পিএসজি। প্রথমার্ধে লিভারপুল খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬৭ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে পিএসজিকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্র্যাডলি বার্কোলার পাসে নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলের বিদায় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের মাঝপথে উগো একিটিকে চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন মোহামেদ সালাহ। তার আগমনে লিভারপুলের আক্রমণে গতি বাড়ে। দ্বিতীয়ার্ধে অলরেডরা মোট ১৭টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে।

ভার্জিল ফন ডাইকের একটি প্রচেষ্টা গোললাইন থেকে মার্কিনিয়োস ফিরিয়ে না দিলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এছাড়া ৬৪ মিনিটে ম্যাক এলিস্টার পেনাল্টির দাবি তুললেও ভিএআর চেক করে রেফারি তা নাকচ করে দেন।

লিভারপুলকে বিদায় করে সেমি-ফাইনালে ওঠা পিএসজি এখন অপেক্ষা করছে পরবর্তী লড়াইয়ের জন্য। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে দাপুটে পারফরম্যান্সের পর পিএসজি এখন শিরোপা জয়ের দৌড়ে বড় দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছে।