শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৬ এপ্রিল ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার


reserve

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিজার্ভের এই অবস্থান স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ চলমান রয়েছে।

এক মাস আগে, অর্থাৎ ১৬ মার্চ পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। সে হিসাবে এক মাসে রিজার্ভ বেড়েছে প্রায় ১ বিলিয়ন ডলার। তবে মোট রিজার্ভের পুরোটা ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা প্রকৃত রিজার্ভ থাকে, সেটিই অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে চলতি এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাস আয় এসেছে ১,৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১৫ এপ্রিল একদিনেই এসেছে ১৮১ মিলিয়ন ডলার।

গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের ১-১৫ এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১,৪৭২ মিলিয়ন ডলার। সে হিসেবে চলতি বছরের একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২১ দশমিক ৫ শতাংশ।